নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেনের বিরুদ্ধে নন্দীগ্রামে জুতা মিছিল করেছে আওয়ামী লীগ। জাসদের এমপি একেএম রেজাউল করিম তানসেনের বিরুদ্ধে কাবিখা, কাবিটা, টিআর, পুকুর, হাটবাজার ইজারা প্রদানে এবং বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীকাম নৈশপ্রহরী নিয়োগ বিষয়সহ নানা ধরণের অনিয়ম-দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে গতকাল ২রা জুলাই বেলা সাড়ে ১১ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জুতা মিছিল বের হয়। ওই মিছিলটি নন্দীগ্রামে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কালিপদ সরকার, মখলেছুর রহমান মিন্টু, আলী হাসান, একরাম হোসেন, আফজাল হোসেন, আনিছুর রহমান আলো, জুলফিকার আলী ফক্কার, মুক্তার হোসেন বকুল, ফারুক হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বাদশা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। এরপর ওই মিছিল ও প্রতিবাদ সভার প্রতিবাদে বেলা ২ টায় জাসদ নেতা কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে আওয়ামী লীগ-জাসদের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়ায় থানার ওসি শাহজাহান আলী পুলিশ মোতায়েন করে।

নন্দীগ্রামে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপন শুরু
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপন শুরু হয়েছে। ওই উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে নন্দীগ্রাম পাইলট হাই স্কুল ভবনে উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা মত্স্য অফিসার আরিফ আহমেদ, ইউপি চেয়ারম্যান, আ.বারী বারেক, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও মত্স্য চাষী আ.মান্নান লিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ক্ষেত্র সহকারী আ.রাজ্জাক। এরপর পুকুরে-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মত্স্য সপ্তাহ শুরু করা হয়েছে।



















