আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ ৭জন বাংলাদেশিকে বিজিবি আটক করেছে। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে থানায় মামলা (নং- ০২(৭)/১৪) হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কাকডাঙ্গা বিওপির হাবিলদার ইসরাইল হোসেন কেঁড়াগাছি পাকা রাস্তার উপর থেকে এসকল ব্যক্তিদের আটক করেন। আটককৃতরা হলো- গোপালগঞ্জের কোটালিপাড়ার বশরাপাড়া গ্রামের হারুনের পুত্র রফিকুল ইসলাম শিকদার (২২), পিরোজপুরের মটবাড়িয়ার গোলবুনিয়া গ্রামের সুজিত দর্জির স্ত্রী ললনা (৩৮), তার পুত্র সুজয় দর্জি (১০), বরিশালের রূপতলি গ্রামের বিমল দাসের পুত্র সুনিল দাস (২৮), বিমল দাসের স্ত্রী আরতি দাস (৫১), মৃত সুরিন্দ্র নাথ দাসের পুত্র শ্যামল চন্দ্র দাস (৩৮) ও পিরোজপুরের স্বরূপকাঠি থানার সরিঙ্গাকাটি গ্রামের সুব্রত চন্দ্রের পুত্র বিশ্বজিৎ (৩২)।
দূঃস্থদের মাঝে বিতরণের জন্য পঁচা চাল সরবরাহ করলো কলারোয়া খাদ্য গুদাম কর্তৃপক্ষ

রমজান মাস উপলক্ষ্যে দূঃস্থদের মাঝে বিতরণের জন্য পঁচা চাল সরবরাহ করলো কলারোয়া খাদ্য গুদাম কর্তৃপক্ষ। বুধবার সকালে পৌরসভায় ওই চাল সরবরাহ করে তারা। পরে বিক্ষুব্ধ জনতার রোষানলে ও পৌরসভার প্রতিবাদের মুখে পঁচা ও অর্ধভাঙ্গা চাল ফেরত নিতে বাধ্য হন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানা গেছে, কলারোয়া পৌরসভাধীন ৩০৮১জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে রমজান মাস উপলক্ষ্যে ৩.৮১মে.টন ভিজিএফের চাল বিতরণের কথা ছিল বুধবার সকাল থেকে। এজন্য কলারোয়া উপজেলা খাদ্য গুদাম থেকে সরকারি চাল আনা হয়। পরে বস্তা খুলে দেখা যায় খাদ্য গুদাম থেকে আনা চাল পঁচা, অর্ধভাঙ্গা, লালবর্ণের ও ক্ষুদ প্রকৃতির। এসময় পৌরসভা চত্বরে বিপুল সংখ্যক জনতা ক্ষোভ প্রকাশ করেন। পরে পৌর মেয়র, কাউন্সিলররা পঁচা চাল সরবরাহের প্রতিবাদ জানিয়ে ওই চালের বস্তা নিয়ে খাদ্য গুদামে ফেরত দেন। পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিনুর ইসলাম এজন্য দূঃখ প্রকাশ করে আগামী ৭দিনের মধ্যে ভালো চাল পুনরায় দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কয়েকটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা, দূর্ণীতি, অনিয়ম ও উৎকোচের বিনিময়ে খাদ্য গুদাম কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্তাব্যক্তিরা চাল নিয়ে চালাচালি, ধান নিয়ে ধুনফুন করে আসছেন। মুষ্টিমেয় প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে জোগসাজসে ওই সকল অসাধু কর্মকর্তারা মানুষের পেটের অন্যতম প্রধান খোরাক ‘ধান-চাল’ নিয়ে চরম দূর্ণীতি ও অনিয়ম করে আসছেন। বিশ্বস্ত সূত্রটি আরো জানিয়েছে, ওই অনৈতিক কর্মকান্ড বহাল তবিয়তে বজায় রাখতে কলারোয়ার কতিপয় কয়েকজন সাংবাদিকদেরও টাকা দিয়ে হাত করে নিয়েছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এলাকার সচেতন মহল অবিলম্বে অসাধু কর্মকর্তাদের অপসারণসহ ভালো ও সঠিক মাপের চাল সরবরাহের দাবি জানিয়েছেন।
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এমএ ফারুক, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, প্রাণী সম্পদ কর্মকর্তা আ.রহিম, ইউআরডিও আশরাফ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান আ.গফুর, ওয়ার্কার্সপার্টির নেতা মাস্টার আ.রউফ, মৎসজীবী বিমল কুমার পোদ্দার, মাহমুদা খাতুন, উত্তরণ কর্মকর্তা আনিছুর রহমান, প্রবীর কুমার হালদার, প্রেসক্লাব সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালী বের হয় ও উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোন অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য অফিসের সহকারী মনিরুজ্জামান।



















