ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। ওই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ১ জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের খলিল মিয়ার ছেলে মিজান মিয়া (৪০), তার স্ত্রী নিলুফা বেগম (৩৫), শিশু পুত্র জুবায়ের ইসলাম (৪), একই পরিবারের বজলু মিয়ার ছেলে মাহফুজ মিয়া (২৫) ও তার শিশু পুত্র মাসুদ (৫)। আহতরা হচ্ছেন অটোরিকশা যাত্রী মোহাম্মদ আলী (৬০), জুবেদা বেগম (৫২), শিরিনা বেগম (২২) ও অটোরিকশা চালক সরাইল উপজেলার পানিশ্বরের রোমান মিয়া (৩২)। আরেকজন অজ্ঞাত নারীর নাম জানা যায়নি।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা অবরোধে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্বরোডের খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



















