মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (৩৮) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ৩০ জুন সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হাফিজিয়া বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হাফিজিয়া বাজার এলাকায় তার অস্থায়ী কার্যালয়ের সম্মুখে চিহ্নিত সন্ত্রাসী মুহিতের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তার ওপর অর্তকিত হামলা ও তার জীপ গাড়ী ভাংচুর চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে চেয়ারম্যানকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামী গ্রেফতারের জোার চেষ্টা চলছে।
রাজনগরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে দায়ের কোপে নিহত-১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাচগাঁও ইউনিয়নে প্রতিপক্ষের দায়ের আঘাতে রবীন্দ্র ঘোষ (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। ৩০ জুন সোমবার ভোরে উপজেলার কাপঝাড় এলাকায় ওই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার পিন্টু ঘোষ ও আয়মন ঘোষের সঙ্গে রবীন্দ্র ঘোষের বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ভোরে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে পিন্টু ঘোষের লোকজন ধারালো দা দিয়ে কুপিয়ে রবিন্দ্র ঘোষকে খুন করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজনগর থানার সহকারি উপ-পরিদশক (এএসআই) নুরুল নবী বিষিয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।



















