অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের সরকারি গৌরনদী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে না পেরে আসন সমন্বয়ের দাবিতে গতকাল দুপুরে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সম্মুখে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। পরে ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে বোর্ড চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষুব্ধরা একঘন্টা পর বিকেল তিনটার দিকে অবরোধ তুলে নেয়।

সংশ্লি¬ষ্ট কলেজসূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি গৌরনদী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য বরিশাল শিক্ষা বোর্ড থেকে মানবিক শাখায় ৩ শ’, ব্যবসায় শিক্ষা শাখায় ৩ শ’ ও বিজ্ঞান শাখায় ১৫০ জনের আসন নির্ধারণ করে দেয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, প্রতিবছর বিজ্ঞান শাখায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হলেও বাকি আসনগুলো শূণ্য থেকে গেলেও অন্যান্য শাখায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বঞ্চিত হয়। তারই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ডের নির্ধারিত কোটা অনেক আগেই পূরণ হয়ে যাওয়ায় অসংখ্য ভর্তি হওয়া থেকে বঞ্চিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ইমরান আহমেদ জানান, এবছরও বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছেন মাত্র ৩৫ জন। শিক্ষার্থী কোটার বাকি অংশ খালি রয়েছে। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিজ্ঞান শাখার শূণ্য কোটা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সমন্বয় করে দেয়ার দাবিতে দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের কলেজ গেটের সম্মুখে গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে অসংখ্য টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, খবর পেয়ে আমি এবং গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলাপ করে বিস্তারিত জেনে বোর্ড চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেছি। তিনি আরো জানান, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয়ার পর তারা বিকেল তিনটার দিকে তাদের আন্দোলন প্রত্যাহার করে।
আগৈলঝাড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্টশিট ছিনতাই : নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের হুমকি

বরিশালের আগৈলঝাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ৫ম স্থান পাওয়ায় এক প্রার্থী রেজাল্টশিট ছিনতাই করেছে খোদ জেলা সদরের সদর গার্লস স্কুলে ডিজি’র প্রতিনিধির অফিস থেকে। তাকে ১ম করার জন্য নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের হুমকি দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করলেন শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি।
নিয়োগ বোর্ডসূত্রে জানা গেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। ওই পদের জন্য বিভিন্ন স্থান থেকে ১০জন প্রার্থী আবেদন করে। গত ২৭ জুন শুক্রবার ডিজি’র প্রতিনিধির কার্যালয় বরিশাল সদর গার্লস স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬ জন প্রার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে খাতা দেখে মেধানুসারে রেজাল্টশিট তৈরি করা হয়। ওই রেজাল্টে ১ম স্থান অধিকার করেন উপজেলার বারপাইকা গ্রামের কার্ত্তিক চন্দ্র বাড়ৈ এবং ৫ম স্থান অধিকার করেন উজিরপুর উপজেলার কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ বাড়ৈ। বিশ্বনাথ যখন জানতে পারে সে পরীক্ষায় ৫ম স্থান অধিকার করেছে তখন নিয়োগ বোর্ডে উপস্থিত কর্মকর্তাদের হুমকি দিয়ে রেজাল্টশিট ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তাকে কেন ১ম স্থান দেয়া হয়নি এজন্য রেজাল্টশিট ছিনিয়ে নেবার সময় নিয়োগ বোর্ডে থাকা ডিজি’র প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতিকে হুমকি দিয়ে যায়। এব্যাপারে রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব বরুণ চন্দ্র ঘটক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক দিগ্বিজয় বিশ্বস ও আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আগৈলঝাড়ায় গাঁজা বিক্রেতাকে ১বছরের কারাদন্ড
বরিশালের আগৈলঝাড়ায় এক গাঁজা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদ- প্রদান করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিতিত্তে শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আলামিন (৩৫) কে ৫ পুরিয়া গাঁজাসহ নিজ এলাকা থেকে এএসআই মোতালেব গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। আদালতে নিজের দোষ স্বীকার করায় বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার তাকে ১বছরের কারাদ- প্রদান করেন। সোমবার সাজাপ্রাপ্ত আলামিনকে বরিশাল কারাগারে প্রেরণ করা হবে।
আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় কৃষকেদের মাঝে বেসরকারী এনজিও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ গাছের চারা বিতরণ করেছে। উপজেলার রাজিহার ও রতœপুর ইউনিয়নের দরিদ্র কৃষকদের মাঝে উন্নত জাতের আম, লিচু ও কাগজী লেবুর ৭ হাজার চারা শনিবার বিতরণ করেন ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা চার্লস মৃদুল সরকার, সিবিও নেত্রী আইরিন মন্ডল, মো. নুরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ।
আগৈলঝাড়ায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর যৌতুক মামলায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বড় বাশাইল গ্রামের গোবিন্দ হালদারের ছেলে সঞ্জয় হালদার ঢাকার গাজীপুরে যৌতুক নিয়ে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পরেই পুনরায় যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে সঞ্জয়। নির্যাতন সহ্য করতে না পেয়ে সঞ্জয়ের স্ত্রী গাজীপুর আদালতের নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-২৯৮/২০০৮। ওই মামলার পলাতক আসামী সঞ্জয় হালদারকে শনিবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রাম থেকে এসআই মোস্তাফিজুর রহমান গ্রেফতার করেন। গতকাল রোববার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
গৌরনদীতে মুক্তিযোদ্ধা রাজ্জাক খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় এলাকায় ক্ষোভ
দেশ ও মাতৃকার টানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল সুঠাম দেহের অধিকারী আব্দুর রাজ্জান খান। মহান স্বাধীনতার ৪৩ বছর পরেও প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মৃত্যুর পরে শেষ সম্মাণটুকু পেলেন না বরিশালের গৌরনদী উপজেলার আব্দুর রাজ্জাক খান (৬৩)। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শনিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। ওইদিন বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়। এনিয়ে পরিবার ও এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মুনছুর আহম্মেদ খানের পুত্র সেই সময়ের টকবগে যুবক আব্দুর রাজ্জাক খান দেশ ও মাতৃকার টানে জীবন বাজি রেখে মুজিব বাহিনীতে যোগ দিয়ে দেশের বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। দেশ স্বাধীন হওয়ার পরপর তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং মুজিব বাহিনীর আঞ্চলিক অধিনায়ক তোফায়েল আহম্মেদ স্বাক্ষরিত সনদ লাভ করেন তিনি। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খানের পুত্র মনিরুজ্জামান খান আক্ষেপ করে বলেন, আমার পিতা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আজ আমার বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তাকে দাফন করা হলো। উপজেলার বাউরগাতি গ্রামের মুক্তিযোদ্ধা ছালাম খান বলেন, আমাদের সাথে যুদ্ধ করেছেন রাজ্জাক খান। গৌরনদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসেন বলেন, রাজ্জাক খান মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তার নাম তালিকাভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলাম। গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল হক সেন্টু এ প্রসঙ্গে বলেন, আব্দুর রাজ্জাক খানের গেজেটে নাম না থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি।
গৌরনদীতে শিক্ষার্থীদের দূর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ
‘দূর্নীতি করবোনা, দূর্নীতি সইবোনা, দূর্নীতি মানবোনা’ এই শ্লোগানকে বুকে ধারণ করে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের দূর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বরিশাল দূর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খন্দকার শাহেআলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দূর্নীতি বিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক এর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, কলেজ গভর্নিং বডির সভাপতি কালিয়া দমন গুহ, প্রভাষক রাজারাম সাহা, এইচএম ইলিয়াস, গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, শিক্ষার্থী মির্জা সাকি, মাহমুদা খানম, নয়ন ইসলাম প্রমুখ।



















