চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের নমিনেশন উত্তোলন করতে আসেন। এ সময় প্রতিপক্ষ নতিপোতা ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু জাফরের লোকজন তাকে বাধা দেন। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহতরা হলেন ভগিরথপুর গ্রামের রুহুল আমিনের ছেলে নাসির (৪০), আজিজুলের ছেলে ইলিয়াস (৪৫), তছের উদ্দীনের ছেলে নিজাম উদ্দীন (৩০), কাজেম আলীর ছেলে বাদল (৩০), নতিপোতা গ্রামের আবু তাহেরের ছেলে হাসেম (২৮), রহিমের ছেলে তাহের (৩২), মোয়াজ্জেমের ছেলে সুমন (২৪), গোলাম হোসেনের ছেলে আলী (৩২)। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















