ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে লিটু সরদার (৩৮) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার গভীর রাতে উপজেলার থুকড়ার বিলে।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, উপজেলার থুকড়া গ্রামের রেজাউল সরদারের ছেলে সন্ত্রাসী লিটু সরদার পলাতক ছিল। এরমধ্যে গত শুক্রবার রাত দেড়টার দিকে জানতে পারি, লিটু থুকড়া গ্রামের একটি বিলে ঘেরের বাসায় তার সহযোগীদের নিয়ে বৈঠক করছে। ওই সময় সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থলে গেলে লিটু ও তার বাহিনী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে থাকে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুজি করে ভেঁড়ির উপর গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি পাইপগান উদ্ধার হয়। নিহত লিটু’র বিরুদ্ধে ডুমুরিয়া থানাসহ অন্যান্য থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, অপহরণসহ মোট ১৩টি মামলা রয়েছে। সে একজন তালিকাভূক্ত সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট সক্রিয় ক্যাডার ছিল।



















