বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: বাসাইল সদর ইউনিয়ন বিপুপ্তি করে পার্শ¦বর্তী ইউনিয়ন কাউলজানী ও কাঞ্চনপুর ইউনিয়নের সাথে ভাগ করে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলার ঈশ্বরগঞ্জ, নাইকানী বাড়ী, মিরকিপুর,রাশরা ও হান্দুলী পাড়াসহ বাসাইলের পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষ নাইকনী বাড়ীর মিয়াবাড়ি মোড়ে বৃহসপতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বাসাইল- সখিপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের দুইপাশে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সখিপুর ও টাঙ্গাইলগামী অসংখ্য যাত্রীরা পড়ে মহাবিপাকে। যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে অবরোধ কারিরা আধাঘন্টা পর অবরোধ তুলে নেন। পরে তারা বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করে। এব্যাপারে নাইকানী বাড়ির সমাজসেবক রফিকুল ইসলাম বলেন, বাসাইল সদর ইউনিয়ন পূনর্বহালের দাবীতে আগামী ২৯ জুন রবিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শ্মারক লিপি প্রদান করা হবে। তিনি বলেন এ ইউনিয়ন প্রতিষ্ঠা করা এ এলাকার সর্বস্তরের মানুষের প্রানের দাবী । এই কর্মসূচীর মধ্যে আমাদের দাবী মেনে নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। অন্যথায় আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। উল্লেখ্য গত দেড় বছর আগে বাসাইল সদর ইউনিয়নের অন্তর্ভূক্ত ঈশ্বরগঞ্জ, নাইকানী বাড়ী, মিরকিপুর, রাশড়া ও হান্দুলী পাড়াসহ বাসাইলের পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা বাদ দিয়ে বাসাইলকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। তখন থেকে এলাকাটি বাসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে পরে। পৌরসভা থেকে বাদ পড়ে যাওয়া গ্রামগুলির সাথে পার্শ্ববর্তী এলাকার আরও দু’একটি গ্রাম নিয়ে একটি নতুন ইউনিয়ন গঠন করার পক্ষে অভিমত ব্যক্ত করেন এলাকার বিবেকবান সূধীসমাজ।



















