শ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১শ ৪১টি কেন্দ্রের মধ্যে ১শ ৪০ টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী সেলিম ওসমান (লাঙ্গল) ৮২ হাজার ৮শ ৫৬ ও স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম হোসেন (আনারস) পেয়েছেন ৬৪ হাজার ১শ ১৪ ভোট। একটি কেন্দ্রের ফল স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৪শ ৫। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৩শ ১১ ও নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৯৪। এ আসনে ১শ ৪১টি ভোটকেন্দ্রে ভোটার কক্ষ ৬শ ৭৪টি।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে প্রয়াত এমপির ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে লড়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়েছেন ২০০১ সালে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া সাবেক আওয়ামী লীগ নেতা এসএম আকরাম। এছাড়া গামছা প্রতীক নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার এবং চিংড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি।



















