শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৩ জুন সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন ওই রায় ঘোষণা করেন। ওই সময় মামলার আসামি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৯ আসামি আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মুফতি হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হোসেন সুমন, মাওলানা তাজ উদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম বদর, মো. আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, মুফতি আবু বকর। এদের মধ্যে মুফতি হান্নান, মাওলানা আকবর হোসেন ও আরিফ হোসেন সুমন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাওলানা সাব্বির ওরফে মান্নান, মাওলানা শওকত ওসমান এরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু তাহের, মাওলানা সাদাত উল্যাহ জুয়েল, মাওলানা ইয়াহিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা সবাই কারাগারে রয়েছেন।
এর আগে গত ১৬ জুন রায়ের দিন ধার্য থাকলেও এক সপ্তাহ পিছিয়ে সোমবার নতুন দিন নির্ধারণ করা হয়। দীর্ঘ ১৩ বছর পর চাঞ্চল্যকর ওই হত্যা মামলাটির বিচার শেষ হলো। ২৮ মে মামলায় উভয়পক্ষের অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। সে সময় মামলার আসামি হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৯ আসামি আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহত হন আরও অনেকে। ওই ঘটনায় ওই দিনই বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।



















