মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করায় লেভেল-২ এর ২০জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় আন্দোলনরত বিভিন্ন অনুষদের লেভেল-২ এর শিক্ষার্থীরা। সেখানে তারা ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টোর, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ এবং পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান ধর্মঘট পালন করে। এঘটনার প্রেক্ষিতে উপস্থিত প্রায় ৩০০জন শিক্ষার্থীর মধ্যে ২০জনকে শোকজ (কারণ দর্শাণোর নোটিশ) করা হয়েছে।
শোকজ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জাহিদ হাসান, হাসান বিশ্বাস, রায়হানুজ্জামান সরকার, আবু হান্নান সরকার, রুস্তম আলী, মো: আশিক মাহমুদ, সুমন আহমেদ, মো:আবির হোসেন, সুদীপ্ত তালুকদার, দুলাল সরকার, ফেরদৌস মিয়া, আল আমিন, দীপোজ্জ্বল কর ও পরিমল বল। এছাড়া মেয়েদের মধ্যে তাপসী রাবেয়া এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের ৬ ছাত্রীকে শোকজ করা হয়েছে।

এদিকে শোকজ করায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে প্রশাসন ভবনের সামনে অনশন কর্মসূচিতে কোন শিক্ষার্থীকে উপস্থিতি হতে দেখা যায়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেয়েরা আর আন্দোলনে আসবে না। তারা শিক্ষকদের কাছে ক্ষমা চাইবে এবং ক্লাস-পরীক্ষায় ফিরে যাবে। তবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেইসাথে অবিলম্বে শোকজ নোটিশ প্রত্যাহার করা না হলে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।
তবে শোকজের বিষয়টি আন্দোলন দমানোর কোন কৌশল কিনা তা জানতে চাইলে বাকৃবি প্রক্টর প্রফেসর ড. হারুণ অর-রশিদ বিষয়টি অস্বীকার করে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত ভঙ্গ করে প্রশাসন ভবনের সামনে সভা-সমাবেশ পালন এবং শান্তি-শৃঙ্খলাভঙ্গের অপরাধে আন্দোলনকারীদের শোকজ করা হয়েছে।
এব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক কিশোর আহমেদ বলেন, ‘যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পূর্ন অগণতান্ত্রিক ও অবৈধভাবে শোকজ করা হয়েছে। শিক্ষকরা ছাত্রদের কণ্ঠরোধ করতে চাইছে। আজ সোমরার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ ডাকা হয়েছে। শিক্ষার্থীদের শোকজ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে’।



















