চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা গোপালখালি ব্রীজের কাছে তুফান আলী (৫০) নামের এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার ভিমরুল্লা গ্রামের মৃত বকস মালিতার ছেলে। ২৩ জুন সোমবার দুপুর পৌনে ১২ টার দিকে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রবিবার বিকালে তুফান আলী ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা গোপালখালি ব্রীজের কাছে ধানক্ষেতে কৃষকরা কাজ করার সময় তার লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান। বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাই ছিনতাই করে তুফানকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। আসামীদের ধরতে পুলিশ জোর তৎপর রয়েছে।



















