ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় চায়না রাইফেলের ১৭ রাউন্ড তাজা গুলিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুন শনিবার সকালে উপজেলার বাকাকুড়া গ্রামে অভিযান চালিয়ে ওইসব গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বাকাকুড়া গ্রামের উলফার এজেন্ট মোহাম্মদ আলী ওরফে আলী চোরা (৩০), তার স্ত্রী জাহানারা বেগম (২০), আনোয়ার হোসেন (২২), বাদশা মিয়া (৩৫), শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনা গ্রামের সিরাজুল ইসলাম (৩০), নেত্রকোনা জেলার বড় কাইলাতি গ্রামের চান মিয়া (৩৫), একই গ্রামের ময়েন উদ্দিন (৩৫)।

জানা যায়, শুক্রবার রাতে বাকাকুড়া গ্রামের উলফা’র এজেন্ট আলী চোরার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিলে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। পরে সংঘবদ্ধ ওই চোরেরা স্থানীয় আলী চোরার বাড়ীতে আশ্রয় নেয়। ওই সময় গ্রামবাসীরা আলী চোরার বাড়ী ঘেরাও করে রাখে এবং থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার সকালে আলী চোরার বাড়ী থেকে ১৭ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলিসহ তাদেরকে গ্রেফতার করে। আলী চোরার বিরুদ্ধে ইতোপূর্বেও ঝিনাইগাতী থানায় হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফছিহুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।



















