স্টাফ রিপোর্টার : শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমের সাথে মতবিনিময় করেছেন শেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তারা। ১৬ জুন সোমবার সন্ধ্যায় তার অফিস কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাজের মধ্যে অনেকটাই সাদৃশ্য রয়েছে। পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে কাজ করে। আর গণমাধ্যম কর্মীরা দুস্কৃতি-অনাচার তুলে ধরার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত রাখতে কাজ করে। এরপরও পুলিশের কর্মক্ষেত্রকে সীমিত বলে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের কর্মক্ষেত্র অনেক বিস্তৃত। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ভিতকে মজবুত করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যসহ নানা ক্ষেত্রের অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরার উপরও গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি নব-নির্বাচিত কমিটিকে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। একইভাবে পুলিশকেও তাদের ইতিবাচক কর্মকান্ডে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধারসহ নেতৃবৃন্দ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল হক খান ও ডিআই ওয়ান মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। মতবিনমিয় সভায় প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি এস এ শাহরিয়ার মিল্টন, সহ-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, রফিক মজিদ ও মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।



















