মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাতার মাধ্যমে ইউরিয়াসহ অন্যান্য পুষ্টি উপাদান প্রদান করে ইউরিয়ার ব্যবহার হ্রাস করে ধান চাষে উৎপাদন বৃদ্ধি করা যায় কিনা তা নিয়ে গবেষনা চলছে।
২০০৮ সালে চ্যানেল আই থেকে প্রচারিত “হৃদয়ে মাটি ও মানুষ” অনুষ্ঠানে জনাব মোঃ শাইখ সিরাজ টাঙ্গাইলের চাষি জনাব মোঃ আব্দুল আজিজের বিঘাতে ২/৩ কেজি (শতকরা ১০%) ইউরিয়া সার স্প্রে করে ধান চাষের বিষয়টি উপস্থাপন করলে সে সময়ে এ বিষয়ে দেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা মন্তব্য করেন যে, এত অল্প পরিমান ইউরিয়া স্প্রে এর মাধ্যমে প্রয়োগ করে ধান চাষে কাঙ্খিত ফলন পাওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, ধান চাষে প্রচুর নাইট্রোজেনের প্রয়োজন হয়। ফলিয়ার স্প্রে বা পাতায় স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করা সম্ভব নয় বলে বিষয়টি বিতর্কের জন্ম নেয়। পরে বিষয়টি নিয়ে শুরু হয় গবেষনা।
প্রাথমিক পর্যায়ে এক পরীক্ষায় দেখা যায়, স্প্রে এর মাধ্যমে পাতায় ইউরিয়া বা নাইট্রোজেন প্রদান করলে ধানের ফলন কিছুটা বৃদ্ধি পায় এবং শতকরা ২৭ ভাগ ইউরিয়া সারের ব্যবহার কমে যায়। এরপর ডিএইর ১২৩ টি মাঠ পর্যায়ের পরীক্ষার ফলাফলে দেখা যায় ইউরিয়া সার গড়ে হেক্টরে ৮৯.৭৫ কেজি হ্রাস এবং ফলন বৃদ্ধি গড়ে ৪৬৩.৮০ কেজি হয়েছে। মানিকগঞ্জ জেলার ২২টি পরীক্ষাতে ইউরিয়া সারের ব্যবহার হ্রাস পেয়েছে শতকরা ২৯-৪০ ভাগ এবং ফলন বৃদ্ধি শতকরা ৫-১০ ভাগ। এছাড়া বিষয়টি নিয়ে বিএডিসির বিভিন্ন খামারসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গবেষণা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় জানা যায়, ধান চাষে পাতার মাধ্যমে ইউরিয়া সার প্রদান করে আমন মৌসুমে শতকরা ২২ ভাগ এবং বোরো মৌসুমে ২৭ ভাগ (গড়ে শতকরা ২৪.৫ ভাগ) ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে দেওয়া সম্ভব। তবে শুধু ইউরিয়া নয় এর পাশাপাশি অন্য কোন উপাদান ব্যবহার করা হয় কিনা তা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা, নানান সংশয়।
বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আব্দুুস সালাম ও কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড.আখতার হোসেন চৌধুরীর নের্তেৃত্বে পাতার মাধ্যমে ধান গাছে ইউরিয়া ও অন্যান্য উপাদান বিভিন্ন মাত্রায় ব্যবহার করে ধানের ফলন বৃদ্ধি হয় কিনা বা হলেও তা কটতুটু কার্যকর এ নিয়ে গবেষণা শুরু হয়েছে। গবেষণা কার্যক্রম সর্ম্পকে অধ্যাপক ড. আব্দুস সালাম জানান, অচিরেই গবেষণাটির একটি কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে যা দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের সুষ্ঠু সমাধান হবে বলে আমরা মনে করি।
অধ্যাপক ড.আখতার হোসেন চৌধুরী বলেন, গবেষনাটি অত্যান্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে প্রায় ফলাফল পাওয়ার পর্যায়ে এসেছে এবং প্রাকৃতিক কোন দূর্যোগ বা ক্ষতিকর কোন প্রভাব ছাড়াই গবেষনাটি সম্পন্ন হতে যােেচ্ছ বলে এই গবেষনার ফলাফলকে ১০০% বিশ্বাস করা যায়।
মাঠ পরিদর্শন শেষে, পাতার মাধ্যমে তরল সার ব্যবহার করে ফসল ফলানোর এই প্রযুক্তি ধু-ধু বালুচড়ে যেখান গাছ শিকরের মাধ্যমে প্রয়োজনীয় কিছুই পায় না সেখানে বিভিন্ন ধরনের সবজি বা ফসলের (যাদের পাতা অপেক্ষাকৃত বড় এবং পানি বা তরল পদার্থ ধরে রাখার উপযোগী) চাষ করা যায় কিনা সে বিষয়ে গবেষণার গুরুত্ব আরোপ করেন সবুজবাংলাদেশ২৪.কম এর সম্পাদক ড. মোঃ সহিদুজ্জামান ।



















