মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে ১৮ বছরের নি:সন্তান দম্পতির কোলে তুলে দিলেন মাবিয়া নামের এক মহিলা। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থান থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের মাবিয়া খাতুন জানান, ঘটনার সময় তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে চাঁদবিলের তেঁতুলতলার নিকটে ছাগল চরাবার সময় একটি নবজাতক শিশুর কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান একটি ফুঁটফুঁটে নবজাতক পুত্র সন্তান। তিনি তাকে কোলে তুলে নেন। পরে তিনি শিশুটিকে চাঁদবিল গ্রামের রায়হান-শাহিদা দম্পতির কোলে তুলে দেন।
রায়হান-শাহিদা দম্পতি ১৮বছরের সংসার জীবনে নিঃসন্তান। নবজাতককে কোলে পেয়ে আবেগ আপ্লু¬ত হয়ে পড়েন এ দম্পতি। রায়হান একজন রিক্সা চালক। তিনি জানান, শিশুটিকে কোলে পেয়ে তার স্ত্রী শাহিদা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।
গাংনী থেকে ৩টি বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী থানা রোডের ভিটাপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে গাংনী থানার এস আই সুশান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাগুলো উদ্ধার করে থানায় নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আই সুশান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে থানা রোডের ভিটাপাড়ায় রাস্তার পাশে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করে। তিনি আরো বলেন, উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করার লক্ষ্যে থানা চত্বরে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে।



















