জিএইচ হান্নান, শেরপুর : শেরপুরে অটেরিক্সার ধাক্কায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রাস্তায় গাড়ী ভাংচুর করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ১১ জুন বুধবার বিকেলে জেলা শহরের নারায়নপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের রাস্তায় ওই ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম (২২) ওই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী।

জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকার বাসিন্দা জনৈক ফুয়াদ আলীর মেয়ে স্থানীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী কোহিনুর বেগম ওই দিন বিকেলে ক্লাশ শেষে ছাত্রীনিবাসে যাবার সময় শহরের বটতলা থেকে শেখহাটীগামী একটি অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দেয়। ওই সময় কোহিনুরের মুখ ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকে। পরে অন্যান্য শিক্ষার্থীরা আহত কোহিনূরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে ওই ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও যানবাহনে ভাংচুর চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



















