ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ চাঁদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুস সবুর স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ আদেশ দেয়া হয়। রাজশাহী চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে চারটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। সেইসঙ্গে আদালত অভিযোগপত্রটি গ্রহণও করেছেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।এদিকে, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তূজা জানান, চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ৪টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মামলাগুলো হলো, পুলিশের সঙ্গে সংঘর্ষ, হরতাল চলাকালে উপজেলার হলিদাগাছীতে মোটরসাইকেলে আগুন, উত্তরা এক্সপ্রেস ট্রেনেরে ইঞ্জিনে আগুন ও উপজেলার সলুয়া এলাকায় রেললাইন উপড়ে ফেলার মামলা।এদিকে, এ বিষয়ে আবু সাঈদ চাঁদ মুঠোফনে জানান, সর্ম্পূন রাজনৈতিক উদ্দেশ্যে এ আদেশ দেয়া হয়েছে। যে সকল মামলার কারণ দেখিয়ে ওই আদেশ দেয়া হয়েছে সেই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে দায়েরকৃত। এর আগে অন্য কোন মামলায় সাজাপ্রাপ্ত আসামী নন দাবি করে এ আদেশের বিরুদ্ধে প্রয়োজনে তিনি উচ্চ আদালতে যাবেন বলে তিনি জানান।



















