মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে নদীর পার কেটে মাটি বিক্রি করে অনেকেই হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। নদীকে হুমকীর মুখে ঠেলে দিয়ে বেআইনীভাবে পার কেটে মাটি বিক্রি করে যারা হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ তাদের মধ্যে রয়েছেন স্থানীয় কিছু রাজনীতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সেবামূলক বিভিন্ন সমিতি-সংগঠনের কর্তাব্যক্তি। তারা বছরের পর বছর ধরে নদীপারের মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিযোগীতায় লিপ্ত থাকলেও তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। উপজেলা সদরের বুক চিরে প্রবাহিত আত্রাই নদীর উভয় অংশের পার এখন আর তেমন অবশিষ্ট নেই। ওদের কালো থাবায় পারের অধিকাংশ মাটিই বিক্রি হয়ে গেছে। এখন যেটুকু অবশিষ্ট আছে তা রক্ষা করা জরুরী হয়ে পড়েছে। সামনেই আসছে ভরা বর্ষা মৌসুম। তলদেশ উঁচু হয়ে পড়ায় অল্প পানিতেই নদীর দুইপার উপচে মারাত্মক বন্যার সৃষ্টি হয়। এতে মানুষের বিপুল পরিমাণ সহায়-সম্পদ ক্ষয়-ক্ষতির মুখে পড়ে। আবার বন্যার ধকল সামলাতে অনেক সময় লেগে যায়। এতে সম্ভাব্য বন্যার আশংকায় চরম ভীতির মধ্যে থাকেন নদী সংলগ্ন হাজার হাজার পরিবার। এমতাবস্থায় বন্যাজনিত ক্ষয়-ক্ষতির হাত থেকে মানুষজনকে নিরাপদ রাখতে এ নদীর সুরক্ষার কোন বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সুধীমহল। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিশাল এলাকা জুড়ে অবস্থিত এ আত্রাই নদীর পাঠাকাটা, শিবগঞ্জ, লক্ষণপুর, কুঞ্জবন, বিলমোহাম্মদপুর, রামচন্দ্রপুর, মহিষবাথান এবং এসব স্থানের অধিকাংশ স্থানের পারের মাটি কেটে নির্বিচারে বিক্রি করা হয়েছে বছরের পর বছর ধরে। এতে নদীর এসব স্থানের নিরাপত্তা বেষ্টনী পার বলতে তেমন কিছু অবশিষ্ট নেই। বেআইনীভাবে পার কাটা বন্ধে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রতিবাদ করেও ওইসব প্রভাবশালীদের অপতৎপরতা থামাতে পারেনি। আবার প্রতিবাদ করতে গিয়ে অনেকেই পড়েছেন নানান ঝামেলায়। উটকো ঝামেলা এড়াতে এখন কেউ তেমন প্রতিবাদও আর করেনা।



















