নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গৃহবধুকে মারপিট করে হত্যার অভিযোগে থানায় ১১ জনের নামে মামলা হয়েছে।

জানা গেছে, জায়গা-জমি নিয়ে বিরোধের ধরে নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের আ.মজিদের স্ত্রী রেবেকা খাতুন (৪০) কে একই গ্রামের গোকুল উদ্দিনের ছেলে বাদশা মিয়া, মোজাহার আলী ও গোলাম হোসেনসহ ১১ জন গত ১৫ই মে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন বিকেলে মারা যায়। তার মৃতদেহ পুলিশ ময়না তদন্ত করে। গত ৬ই জুন রাতে আ.মজিদ বাদী হয়ে ১১জনকে আসামী করে নন্দীগ্রাম থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ৩। ওই মামলাটি এসআই আমিনুল ইসলাম তদন্ত করছেন। ওই হত্যা মামলার আসামী মোজাহার আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নন্দীগ্রামে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত ৭ই জুন বেলা ১১ টায় উক্ত নির্মাণ কাজ উদ্বোধন করেন, বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, থানার ওসি শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, ঠিকাদার একরামুল কবীর সন্টু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, জাসদ নেতা কামরুজ্জামান, ফরিদুল ইসলাম, জিয়াউল হক শাহীন, আবু তালেব ও বেলাল হোসেন প্রমুখ। ৪ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন নির্মাণের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উক্ত নির্মাণ কাজটি তদারকি করছে।



















