রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় চলছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম। একটু বৃষ্টি হলেই ওই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। মনে হচ্ছে যেন, এসব দেখার কেউ নেই। উপজেলার ঐতিহ্যবাহী সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শ্রেণী কক্ষ গুলোতে বর্তমান শিক্ষার্থীদের পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। সরজমিনে জানা যায়, অত্র প্রতিষ্ঠানটি ১৯৩৪ ইং সনে স্থাপিত হয়। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপনের পর থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বিদ্যালয়টির নিজস্ব জায়গা ১শ’ শতাংশ। বৃক্ষের শীতল ঘেরা শিক্ষা প্রতিষ্ঠানটি টিন শেড্ থেকে ১৯৯২ ইং আধা পাকা ঘর নির্মান করা হয়। প্রায় ২২ বছর ধরে প্রতিষ্ঠানটির কোন সংস্কার কাজ হয়নি বলে সভাপতি মো. খোরশেদ আলম জানান। আধা পাকা ঘরটির উপরিভাগের টিনগুলো জরাজীর্ণ হয়ে গেছে এবং অনেক স্থানে ঝড়ো-বাতাসে উড়ে গেছে। দেয়ালগুলো খসে পড়ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একটু বৃষ্টি হলেই ক্লাস রুমগুলোতে পানি জমে শিক্ষার্থীদের বই খাতা নষ্ট হয়ে যাচ্ছে। ২০১৪ ইং প্রাথমিক সমাপনী পরীক্ষায় একাধিক জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশের রেকর্ড রয়েছে। প্রথম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ৩২২ জন শিক্ষার্থী রয়েছে এবং ৬ জন শিক্ষক, ২ জন পুরুষ ও ৪ জন মহিলা শিক্ষক রয়েছে। বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের জন্য ইতিপূর্বে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ভবন পাকা করণে লিখিত আবেদন করার কথা জানালেন প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারি পারভীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, অত্র উপজেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ নির্বাচন করে মন্ত্রণালয়ে নতুন ভবন নির্মানের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে এবং এর মধ্যে অধিক ঝুকিপূর্ণ হিসেবে সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করার কথা জানিয়েছেন। অভিভাবক-শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে ওইসব প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন নির্মানের জন্য জোর দাবী জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।



















