মোঃ খালিদ হাসান, নড়াইল : নড়াইলের কালিয়ায় দেশের প্রধান দু’টি বিপরীতমুখী রাজনৈতিক পরিবারের দু’টি ছেলে-মেয়ের অভূতপূর্ব প্রেমের বলি হতে চলেছে একটি প্রাণ। শুক্রবার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মোঃ শহীদ বিশ্বাসের ছেলে মোঃ মহিবুল্লাহ ইসলাম (২২) এর সাথে রামনগর গ্রামের রেজাই রাব্বি জামান (কামাল) এর কণ্যা সুমনা জামান (নীতি)(১৮) এর কোর্ট ম্যারিজ সম্পন্ন হয়। ছেলে পক্ষ আওয়ামী পরিবারের হওয়ায় মেয়ে পক্ষ এই বিবাহ মেনে না নেওয়ার ঘোষনা দেয়। মহিবুল্লাহ রবিবার সকালে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।

জানা যায়, মহিবুল্লাহ ও নীতি শুক্রবার পালিয়ে গিয়ে যশোর নোটারী পাবলিকের কার্যালয়ে বিয়ে করে। শনিবার দুই পরিবারের চাপে তারা বাড়ী আসতে বাধ্য হয়। ছেলের পরিবার কালিয়ার আওয়ামীলীগের ধারক ও বাহক এম,পি কবিরুল হক মুক্তির বংশের হওয়ায় এবং মেয়ের পরিবার কট্টরপন্থী বিএনপি হওয়ায় মেয়ে পক্ষ মেয়েকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মেয়েকে শারীরিক নির্যাতন চালান। ওই খবর শোনার পর মহিবুল্লাহ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে তাৎক্ষনিকভাবে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে অবস্থার ক্রমশ অবনতি দিকে যাচ্ছে। এখন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ছেলের বড় ভাই মোঃ বিপ্লব বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহবল। এই মুহুর্তে আমার ভাইয়ের জীবনটাই আমার কাছে বড়। তাই আমাদের পক্ষ থেকে এই বিবাহ মেনে নিতে কোন বাধা নেই ।



















