আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) এর ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যে ৭টার দিকে এল.জি.ই.ডি ভবনের প্রশিক্ষণ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের আই.ই.বি’র চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.ই.বি’র শিক্ষা ও আন্তজার্তিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মেসবাহ উর রহমান টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: আব্দুর রউফ, প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী মিঞা মো: কাইউম সহ আই.ই.বি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে ‘কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করণে যান্ত্রিক দর্শনের ব্যবহার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যন্ত্র ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো:আব্দুল মোমিন।
প্রবন্ধে অধ্যাপক মোমিন বলেন, কৃষি পণ্য প্রক্রিয়াজাত করণের সময় যদি তা হাতে করা হয় তাহলে অনেক ত্রুটিপূর্ণ পণ্যই আলাদা করা সম্ভব হয় না কিন্তু এই প্রক্রিয়াজাত করণে যদি যান্ত্রিক দর্শনের ব্যবহার করা হয় তাহলে ত্রুটিপূর্ণ পণ্যগুলোকে সহজেই আলাদা করা যাবে সেইসাথে প্রক্রিয়াজাত করণ খরচ ও সময় উভয়ই সাশ্রয় হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ প্রতিষ্ঠানগুলো যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তারা ভোক্তাদের চাহিদা অনুযায়ী শতভাগ মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারবে।



















