ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা ঘাটে জোয়ারের পানির কারণে ঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে।

এতে উভয় পাড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোলা-লক্ষ্মীপুর রুটের যাত্রীরা পড়েছে দুর্ভোগে।
গত তিন সপ্তাহে অন্তত ১০ বার পানিতে তলিয়ে যায় ঘাটটি। ফলে অনেকটা জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলতে হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিসের কর্মীদের। এ সমস্যার কারণে তারা ঠিকমত যাত্রীদের সেবা দিতে পারছেন না।
চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই এ অবস্থা চলছে বলে জানা গেছে। পানির বাড়া-কমার কারণে ঘাটটি একাধিকবার স্থান্তরিত হলেও সমস্যা রয়েই গেছে বলে অভিযোগ পরিবহন শ্রমিক ও মালিকদের।
ঘাট ব্যবহারকারীরা জানায়, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে ও অ্যাপ্রোস সংযোগ সড়ক তলিয়ে থাকায় দিনের ৩/৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
ইতোমধ্যে এ রুটের সংস্কার, ফেরি সংখ্যা বাড়িয়ে দেওয়া ও যানজট কমানোর দাবিতে পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করলেও টনক নড়েনি প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষের।
ফেরি কর্তৃপক্ষ, পরিবহন শ্রমিক ও ঘাটের ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা গেছে, বর্ষা মৌসুম আসার সঙ্গে সঙ্গে ফেরির গ্যাংওয়ে ও অ্যাপ্রোস সড়ক তলিয়ে যাচ্ছে। দিনের মধ্যে দুপুর কিংবা বিকেলের সময় জোয়ারে প্লাবিত হয় ঘাট। তখন ঘাটে কোনো যানবাহন ফেরিতে উঠতে কিংবা নামতে পারেনা। ২/৩ ঘণ্টা পর ভাটা এলে যানবাহন উঠা-নামা করে।
শ্রমিকরা মনে করছেন, এ সময়ে জোয়ারের পানির চাপ কিছুটা কম থাকলেও সামনের বর্ষা মৌসুম দিকে পানির চাপ অনেক বেড়ে যাবে। তখন ভোগান্তি আরো বেড়ে যাবে।
ট্রাক চালক জসিম বলেন, এ রুটের তিনটি ফেরি দরকার হলেও চলছে মাত্র দুইটি। নানা কারণে একটি ফেরি বিভিন্ন সময় বন্ধ থাকে। তখন ঘাটে যানজট লেগেই থাকে।
ছিদ্দিক বলেন, গত বছরেও জোয়ারের পানির সমস্যা ছিলো। এ বছরও একই অবস্থা। এতে করে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনা যানবাহন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি ভোলা-লক্ষ্মীপুর রুটের কর্মকর্তা আবু আলম বলেন, জোয়ারের পানির সমস্যার কারণে ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। ঘাট উচু ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা আমরা কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে কয়েকবার জানিয়েছি। তারা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকায় সুপ্রিম কোর্ট চত্বরে বিএনপির সমাবেশে বাধা এবং দেশব্যাপী গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রোববার এ বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি।
বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণকালে শহরের কে জাহান মার্কেট চত্বরের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা মিছিল ঘুরিয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামূল হক, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, বিএনপি নেতা রাইসুল আলম, যুবদল নেতা তরিকুল ইসলা কায়েদ প্রমুখ।



















