মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : দুই পক্ষের মধ্যে দ্বন্ধের জেরধরে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস-ট্রাক ও সিএনজি চলাচল চারদিন ধরে বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। বাস-ট্রাকের পাশাপাশি সিএনজিসহ ছোট যানবাহন চলাচলের দাবিতে রবিবার দুপুরে পূর্বধলা বাজারে সড়ক অবরোধ করেছে পূর্বধলা অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়ন। এ সময় বাস-ট্রাক শ্রমিক ও সিএনজি-অটো ট্যাম্পু শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, পূর্বধলা, দুর্গাপুর উপজেলায় চলাচলকারী সিএনজি চালক ও বাসচালকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ময়মনসিংহে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ২১ মে থেকে দুই পক্ষই পরিবহন চলাচল বন্ধ রাখে।
সিএনজি চালকদের দাবি বাস ও ট্রাকচালকরা ওই রুটে সিএনজিসহ ছোট যানবাহন চলাচল করতে দিচ্ছেনা। এর প্রতিবাদে তারা চার দিন ধরে ধর্মঘট পালন করছে।
অপরদিকে বাস-ট্রাক চালকরা ওই পথে সিএনজিসহ ছোট যানবাহন চলাচলা বন্ধ ও সিএনজি চালকদের দুর্ব্যবহারের সুষ্ঠু বিচার দাবি করে ধর্মঘট পালন করছে।
রবিবার পূর্বধলা বাজারে অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অবরোধ কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পূর্বধলা অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মিয়া, সাধরণ সম্পাদক আবুল কাশেম, শাহীন দর্জি, রিপন মিয়া, সাফায়েত উল্লাহ, সুলতান মিয়া প্রমূখ।




