ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ‘রবীন্দ্রনাথ আমাদের স্বাধীনতাসহ সকল সংগ্রামের সৈনিক। তার গান-কবিতা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে অশেষ অনুপ্রেরণার উত্স। বাঙ্গালির জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের অবদান নেই।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ মে শনিবার সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে তিনদিন ব্যপি অনুষ্ঠানের শেষদিনে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর ওইসব কথা বলেন। তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, রবীন্দ্রনাথ বা নজরুল কিন্তু জিপিএ-৫ পাননি। তাই আপনাদের সন্তানদের আপন মনে বেড়ে ওঠার একটু সুযোগ দিন।’
ডুমুরিয়ায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, রবীন্দ্রনাথকে শুধু স্মরণ করলেই চলবে না, ব্যক্তি জীবনে অসাম্পদায়িকতার চর্চা করতে হবে।’
আনুষ্ঠানে আরও বক্তব্যদেন, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাখাওয়াৎ হোসেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা, আজমল হোসেন খান ও শফিকুল ইসলাম।




