মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতের শিকার হয়ে দু’জন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ৭ জন। ৩ মে শনিবার দুপুরে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, শনিবার বেলা পৌনে বারটার দিকে আকাশে কালো মেঘ জমে ওঠে। হঠাৎ করে একটু ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয় সবদেল এর ছেলে শফিউদ্দিন ( ৪০) নামের এক কৃষক। সে ঘটনা স্থলেই নিহত হয়। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে। এ সময় আহত হয় চার জন। অপরদিকে একই সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে ট্রাকে কলা লোড করার সময় বজ্রপাতের শিকার হয়ে নিহত হয় সদর উপজেলার বামনপাড়া গ্রামের কাওছার মীরের ছেলে মন্টু মিয়া (৩০)। এ সময় আরো তিন জন আহত হয়। আহতরা হলো আনারুল ইসলাম, বানেচুর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, হেদায়েত হোসেন, আশাদুল ইসলাম, তানজেল হোসেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশের এসআই আলি আকবর ঘটানর সত্যতা নিশ্চিত করেছেন।




