শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে কেউ জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করবে- এটি হতে পারে না। যারা যত্রতত্র এসব নিয়ে কটাক্ষ করবেন, তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১২ এপ্রিল শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় ওইসব কথা বলেন। এসময় তিনি বলেন, বারবার এদেশে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির অপতৎপরতা হয়েছে। কিন্তু সত্যকে ঢাকা যায়নি। বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চায়, তারা নিজেরাই ছোট হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, আজকে আপনি যা বলছেন, তা পাগলের উক্তি। নাবালকদের কথা শুনে যাই করেন, নিজের ক্ষতি করবেন না। আপনার নাবালক ছেলেকেও থামান, দলের সিনিয়র নেতাদের কথা শুনে দল চালান। বোধশক্তিহীন মানুষের বুদ্ধিতে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। জনগণকে জিম্মি করে আন্দোলন করতে চান, হবে না।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসউদুর রহমান বিক্রমপুরী, অধ্যাপক ড. মিয়া আবদুল কুদ্দুস প্রমুখ।




