ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে কুলকান্দি শহীদ স্মৃতি এবিএস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় ১১ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালে ২ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অভিযোগে জানা গেছে, প্রতি বছরের ন্যায় কুলকান্দি শহীদ স্মৃতি এবিএস উচ্চ বিদ্যালয়ে এবারও স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন থেকে এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল এর ফলেই কর্তৃপক্ষের সাথে কতিপয় এলাকাবাসী গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে বাধা দিলে দুই পক্ষের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১১ জন গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় আহত ব্যক্তিদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খোরশেদ আলী, মোকাদ্দেস হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।




