রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামুতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আইয়াস উদ্দিন প্রকাশ সারাদিন (২৩)। ১১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার পিএমখালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে পিএমখালী ইউনিয়নের তুতুকখালী এলাকার হানিফ সিকদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লাল মিয়ার কন্যা রোকিয়া বেগম ছাগল চরাতে ধান ক্ষেতে গেলে ওই লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহতের ভাই বেলাল উদ্দিন জানান, পূর্বশক্রতার জের ধরে তার ভাই আইয়াসকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। তিনি আরো জানান, নিহত আইয়াসের সঙ্গে কিছুদিন পূর্বে স্থানীয় বাসিন্দা গুরা মিয়ার কন্যা জুহুরা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবন পুরোপুরি শুরু করার আগেই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ দিতে হল তার ভাই আইয়াসকে। এদিকে স্বামীর নিহত হওয়ার খবরে নববধু জুহুরা অজ্ঞান হয়ে পড়েন। মেহেদীর রং না মুছতেই বিধবা হলেন জুহুরা। তার কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।
এব্যাপারে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্ততি চলছে।




