ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলে ৩ কেজি ৬শ’ গামের ৩৬টি সোনার বারসহ মোমিন উদ্দিন চৌধুরী (৫৫) নামে এক জন হোটেল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বেনাপোলের কাগজপুকুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। মোমিন বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়কের হাসু মিয়ার ছেলে।
বেনাপোল বন্দর থানার এএসআই প্রকাশ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যশোর থেকে মোটর সাইকেলে করে বিপুল পরিমাণ সোনার বার বেনাপোলে আসছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানার কাগজপুকুর নামক স্থানে বেলা সাড়ে ৪টার দিকে অভিযান চালালে মোটর সাইকেল থামিয়ে মোমিন পালানোর চেষ্টা চালায়। এ সময় মোমিনকে আটক করা হয়। অপরজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে মোমিনের দেহ তল্লাশি করে ৩৬টি সোনার বার পাওয়া যায়।
আটক মোমিন জানায় সে এই সোনার মালিক নন। বাহক মাত্র। সোনাটি চেকপোস্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। কিন্তু মোমিন মালিকের নাম স্বীকার করেনি। এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা হয়েছে।




