তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ‘যুক্তির আলোয় খুঁজি, মানুষের মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক শিক্ষাকর্ম সূচী- পেইস কুমিল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক বিকাশ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলার শিল্পকলা একাডেমিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত ও প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেয়।
বিতর্কের বিষয় ছিলো ‘সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম’। ২ পর্বের ওই বিতর্কের প্রথম পর্বে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রসন্ন একাডেমির বিতার্কিকরা বিষয়ের পক্ষে এবং জেলার চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা বিষয়ের বিপক্ষে অংশ নেয়। এ পর্বে প্রসন্ন একাডেমি বিজয়ী হয়। চূড়ান্ত পর্বে ব্রাহ্মণবাড়ীয়ার জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা বিষয়ের পক্ষে এবংচৌদ্দগ্রাম উপজেলার প্রসন্ন একাডেমির বিতার্কিকরা বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এতে প্রসন্ন একাডেমি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় প্রসন্ন একাডেমির দলনেতা নুসরাত জাহান নিলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মুহম্মদ গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের পরিদর্শক, কায়সারুল ইসলাস। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।




