ইয়ানুর রহমান, যশোর : যশোরের ঝিকরগাছায় বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা এলাহি টিপুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে ১০টি ককটেল বিস্ফোরণের পর উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ ও ৬/৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হরতাল ও অবরোধ সমর্থনে ঝিকরগাছা স্ট্যান্ড থেকে বিএনপি ও জামায়াত শিবির মিছিল বের করে থানা মোড়ে যায়। এ সময় ওই মিছিল থেকে শিবিরের একটি অংশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি দোকানে হামলা চালায়। এ হামলা ঠেকাতে গিয়ে শিবিরের ইট পাটকেলে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা এলাহি টিপু।
এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপি জামায়াতের মিছিলকে ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রদলের একটি অংশ অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পরে এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় তারা বিএনপি অফিসের কয়েকশ’ চেয়ার, টেবিল, টেলিভিশন, সাউন্ড সিস্টেম ইত্যাদি ভেঙ্গে তছনছ করে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের গুলি ও ৬/৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান দাবি করেছেন, তাদের মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অতর্কিত হামলা চালিয়েছে। পরে তারা বিএনপি অফিস ভাংচুর করে তাণ্ডব চালিয়েছে। একপর্যায়ে তারা অফিসের সামনে আগুনও ধরিয়ে দেয়।
ঝিকরগাছা থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, বিএনপি জামায়াতের মিছিল থেকে প্রথমে বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির মিছিল থেকে অন্তত ১০টি ককটেল ফাটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ও ৬/৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরে যশোর থেকেও সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।




