চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রাস্তায় ইট ফেলে ব্যারিকেড সৃষ্টি করে সবজিবাহী ট্রাকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৮ যুবককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২৭ নভেম্বর বুধবার দিবাগত রাত ৯টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী এলাকায় ওই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে মোহন আলী (২০), সোহেল রানা (১৮), ইমরান হোসেন (২১), লিটন হোসেন (২০), রাশেদুল ইসলাম (২২), আব্দুল কাদের (২৮), তুষার মাহমুদ (১৮) সজল হোসেন (২০)। এদের সবার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। তাদের কাছ থেকে ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, ঘটনার সময় একদল ডাকাত সশস্ত্র অবস্থায় বোয়াইলমারী এলাকায় সড়কে ইট ফেলে একটি সবজিবাহী ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এসময় চালক দ্রুত ট্রাক চালিয়ে ধানকুনিয়া বাজারে গিয়ে এলাকাবাসীকে জানায়। পরে মোবাইলে যোগাযোগের মাধ্যমে ধানকুনিয়া ও বোয়ালমারী এলাকাবাসী একজোট হয়ে ডাকাতদলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক ও তাদের কাছ থেকে উল্লেখিত দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।




