ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের কলেজ ছাত্র লিমন হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা থেকে ছয় র্যাব সদস্যকে অব্যাহতি দিতে পুলিশের চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা হোনোয়ারা বেগমের দায়ের করা রিভিশন শুনানির তারিখ আরো একদফা পিছিয়েছে। এ নিয়ে ছয় বারের মত তারিখ পড়ল। লিমনের মায়ের আইনজীবি আককাস সিকদার জানান, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বুধবার সকালে মামলার ধার্য তারিখে রাষ্ট্রপক্ষ মামলার নথিপত্র পর্যালোচনার জন্য সময় চেয়ে আবেদন করেন। বিচারক মোঃ শহীদুলাহ বকাউল তা মঞ্জুর করেন এবং আগামী বছরের ১৫ জানুয়ারি মামলার শুনানীর জন্য পরবর্তী তারিখ রাখেন। এ সময় লিমনের মা হোনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন।




