আজম রেহমান, ঠাকুরগাও : তফসিল ঘোষণার পরপরই সোমবার রাতে ঠাকুরগাও শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি- জামায়াত-শিবিরের কর্মী-নেতারা বিক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়, তারা গাছের গুড়িতে আগুন দিয়ে এবং টায়ার জ্বালিয়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। খুব দ্রুত বন্ধ হয়ে যায় দোকানপাট। লোকজন আতংকে দ্রুত সরে পড়তে থাকেন। ওই অবস্থায় বিক্ষোভকারীরা পুলিশ ও বিডিআরের সতর্ক টহলের মধ্যেও বড় মাঠের পাশে জেলা স্কুলের পূর্ব গেইটের সামনে একটি ট্রাকে আগুন দেয়। এর চাকাগুলো বিকট শব্দে বিষ্ফোরিত হতে থাকলে আরো আতংক ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের গাড়িও বিক্ষোভকারিদের অবস্থানের কারণে দ্রুত ঘটনাস্থলে পৌছাতে ব্যর্থ হলে গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছিল। এদিকে রুহিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি কর্মীরা। এসময় ১৪ দলের কর্মীরাও জড়ো হতে থাকলে উত্তেজনা ছড়িয়ে। পীরগঞ্জ, বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ-উত্তেজনার খবর পাওয়া গেছে।




