মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতাদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে পুলিশের গাড়ীসহ ৫টি গাড়ী ভাংচুর করেছে। ২৬ নভেম্বর মঙ্গলবার ভোরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত ৪ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় বিএনপির একটি মিছিল উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার থেকে কালীগঞ্জ সদরে যাওয়ার পথে ভাদার্ত্তী গ্রামে পুলিশি বাধার সম্মূখিন হয়। এ সময় বিএনপি নেতাদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিএনপি নেতারা পুলিশের একটি ভ্যান ভাংচুর করে এবং কেরোসিন ঢেলে ভ্যানটি পুড়িয়ে ফেলার প্রস্তুতি নিলে ভ্যানটি দ্রুত কেটে পড়ে। পরে বিএনপি নেতারা কালীগঞ্জ বাস ষ্ট্যান্ডে ৪টি গাড়ী ভাংচুর ও ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় পুলিশের সাথে বিএনপি নেতাদের সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি নিক্ষেপ করে এবং ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করে। পুলিশের সাথে স্থানীয় আ’লীগ নেতারা যোগ দিলে বিএনপি নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।




