রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার চরে গত এক সপ্তাহ ধরে কালীর মেলার নামে এলাকার কু-খ্যাত একদল জুয়াড়ি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্যান্ডেল টাঙ্গিয়ে যাত্রার নাম করে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের নেতৃত্বে ও বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাশেম ওই স্থানে অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে। প্রতি বছর ওই এলাকায় কালীর মেলার নামে মাস ব্যাপী জুয়া ও মাদকের আসর চলে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া ও মাদকের আসর চলে আসছে বলে একাধিক সূত্রে জানা গেছে।




