কিশোরগঞ্জ সংবাদদাতা : ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ২ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। পরে ব্যাপক রাবার বুলেট ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা যায়, হরতালের সমর্থনে সোমবার সকাল পৌনে ৯টার দিকে পৌর বিএনপির একটি মিছিল সিনেমা হল সড়কের দিকে যায়। ওই সময় একই সড়ক দিয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল যাচ্ছিল। ওই সময় উভয় পক্ষ মুুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৫০টি রাবার বুলেট ছোড়ে। পুলিশের বাধার মুখে ৩০ মিনিটের মধ্যে হরতালের পক্ষ ও বিপক্ষের সমর্থকেরা সিলেমা হল সড়ক থেকে সরে যায়। বড় সড়কসহ বেশ কয়েকটি পয়েন্টে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আওয়ামী লীগের ৭জন ও বিএনপির ২ জন কর্মী গুলিবিদ্ধ হয়। তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইসময় তিনিসহ এএসআই বদিউজ্জামান, হাবিবুর রহমান ও কনস্টেবল আলাউদ্দিন আহত হয়েছেন।
এদিকে, সকালে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ পুলিশের ৬ সদস্য আহত হন।




