হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের কর্মিদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রবিবার বিএনপির বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সোমবার সন্ধ্যা ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে পৌছলে কিছু মিছিলকারি বিএনপি নেতাদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর শুরু করে। পুলিশ এতে বাধা দিলে মিছিলকারিদের সাথে বাগ-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে অন্তত: ৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।




