আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে পূঁজামন্ডপে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ মো. নজরুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ওই ঘটনায় দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের পূজামন্ডপ কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ দাস বাদী হয়ে ৯ অক্টোবর বুধবার বিকেলে রসুলপুর গ্রামের নজরুল ইসলাম (১৮), সুমন মিয়া (১৯), মো. পারভেজ (২২) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছেন।
রসুলপুর গ্রামের পূঁজামন্ডপ কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ও সুমনসহ ৩/৪জন ছেলে গিয়ে তাকে সৈয়দ মাষ্টারের ছেলে পারভেজ’র একটি মোবাইল নম্বর দিয়ে কথা বলতে বলে। তিনি ওই নম্বরে রাত সাড়ে ১০টায় যোগাযোগ করলে পারভেজ জানায়, রসুলপুর গ্রামে ৫টি পূঁজামন্ডপ চলছে প্রতিটি পূঁজা মন্ডপ থেকে ২০ হাজার টাকা করে এক লক্ষ টাকা দিতে হবে। নচেত পূঁজা মন্ডপসমূহে পূঁজা করতে দেয়া হবে না। এছাড়া পূঁজা কমিটির কর্মকর্তাদের মারধরসহ জীবননাশের হুমকি দেয়। ওই ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. আবুল কাসেম ও ইউপি সদস্য মুসলেম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালে তারাও পারভেজের সাথে যোগাযোগ করলে একই জবাব দেয়ায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে নিরাপত্তাহীনতায় থানায় মামলা দায়ের করতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়ে অভিযোগ করেন, এখনও তারা প্রকাশ্যে ঘুরাফেরা করে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে।
দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।




