অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : চতুর্থ দফা তফসিল ঘোষিত উপজেলা নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী দলের ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন বিদ্রোহী প্রার্থী এখন নির্বাচনী মাঠে সক্রিয়। প্রার্থী আধিক্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা।

দলীয়সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত রোববার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের ৪ জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সূত্রমতে, গত ২০ ফেব্রæয়ারী বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থ বাসভবনে প্রার্থী নির্ধারণের বিশেষ সভায় বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানকে চেয়ারম্যান পদে, রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অমিয় লাল চৌধুরীকে ভাইস চেয়ারম্যান পদে ও সাবেক ইউপি সদস্য মলিনা রায়কে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ওই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পরলে দেখা দেয় বিদ্রোহ। আর বিদ্রোহ থামাতে গিয়ে প্রকাশ্য বিরোধিতার মুখে পরেন এমপি ইউনুস। তারপরে ঘটনার রেশ না কাটতেই উপস্থিত দলীয় নেতাকর্মীদের সামনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন রুস্তুম সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পেয়ারা ফারুক বখতিয়ার। তবে তাদের দু’প্রার্থীর মধ্যেই থেমে থাকেনি বিদ্রোহী প্রার্থীরা।
দলীয় সিদ্ধান্তে বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যতীন্ত্র নাথ মিস্ত্রী, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, গিয়াস খান ও সাইফুল ইসলাম শওকত মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে দলীয় সিদ্ধান্ত পাওয়া ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী অমিয় লাল চৌধুরী গত তিনদিন থেকে মোবাইল ফোন বন্ধ রেখে লাপাত্তা হয়ে গেছেন। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জসিম সরদার, যুবলীগ সহ-সভাপতি ফরহাদ তালুকদার, রফিক তালুকদার, উপজেলা যুবলীগ নেতা বজলুর রহমান মন্টু, ফারুক সরদার ও ছাত্রলীগ নেতা অনিমেষ মন্ডল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মলিনা রায় মনোনয়নপত্র দাখিল করলেও তাকে মোকাবেলা করতে হবে শক্তিশালি বিদ্রোহী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী পিয়ারা বেগম ও বর্তমান ভাইস চেয়ারম্যান শেফালী সরকার ও পবিত্র হালদারকে।
দলীয় সূত্র জানায়, ভাইস চেয়ারম্যান পদে অমিয় লাল চৌধুরী মনোনয়নপত্র দাখিল না করায় দলের পক্ষ থেকে দাখিলকৃত কোন একজনকে মনোনয়ন প্রত্যাহারের আগেই সমর্থন দেবেন দলের নীতি নির্ধারকরা।
বিভিন্ন পদে আওয়ামীলীগের বিপুল সংখ্যক প্রার্থী থাকায় নির্বাচনে আওয়ামীলীগ থেকে বিএনপির একক প্রার্থী আফজাল হোসেন সিকদার বিশেষ সুবিধা পাবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থীদের ব্যাপকতায় পছন্দের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা।
উল্লেখ্য, ২৩ মার্চ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্টিত হবে। আগৈলঝাড়ায় পুরুষ ভোটার ৪৯ হাজার ৫শ’ ৪৬ জন ও মহিলা ভোটার ৪৯ হাজার ৩শ’ ৪৮ জনসহ মোট ৯৮ হাজার ৮শ’ ১৪ জন।




