তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া এলাকায় বুধবার গভীর রাতে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে থাকে । এসময় প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । ফলে মহাসড়কের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়ায় গত বুধবার রাত সাড়ে ১২ টায় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে থাকে । এতে মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় । এসময় কিছু গাড়ি মহাসড়কের পাশে ফোরলেনের মাটির রাস্তা দিয়ে চলাচল করে । তবে আগে যাওয়ার প্রতিযোগীতা করায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয় । এক সময় সেটা দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত ৩০ কিলোমিটার বিস্তৃত হয় । দুর্ঘটনার প্রায় ৩ ঘন্টা পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি রেকার এসে দূর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে ভোর থেকে ধীরগতিতে যান চলাচল শুরু হয় । তবে আজ বৃহস্পতিবার জামাতের ডাকা হরতালের কারণে বুধবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল বেশী । তাছাড়া নিমসার এলাকায় কাচাঁবাজারে বিপুল সংখ্যক ট্রাকের মালামাল উঠা-নামা করার কারণে যানজট আবারো বাড়তে থাকে । একসময় সেটা দাউদকান্দি থেকে বুড়িচংয়ের নিমসার পর্যন্ত ৩৫ কিঃমিঃ দীর্ঘ হয় । অবশ্য বেলা ১১ টার পরে সেটা স্বাভাবিক হতে শুরু করে । এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট হাসান জানান,গত রাতের ট্রাক দুর্ঘটনা এবং মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারনে কিছুটা যানজট ছিল । বেলা বাড়ার সাথে সাথে সেটা নিয়ন্ত্রণ হয়ে আসে ।




