নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ১২ জানুয়ারী রবিবার সকালে পৌরশহরের গোবিন্দনগর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে গোবিন্দনগরের মাহমুদের ছেলে জাহাঙ্গীর (৩২), ময়না বেগম (২৫) ও কুলছুম আক্তার (২৮)। এদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জাহাঙ্গীরের অবস্থার অবনতি ঘটায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, একখন্ড জমি নিয়ে মাহমুদুল এর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি মোকলেছুর রহমানের বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ণ ওই জমিতে রবিবার সকাল ৮টার দিকে মোকলেছুরের লোকজন ঘর তুলতে গেলে মাহমুদুলের বাড়ীর লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোকলেছুরের লোকজন দা দিয়ে কুপিয়ে ওই ৩ জনকে আহত করে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।




