ads

শনিবার , ৮ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে নৃশংসভাবে খুন

খবর টি পড়েছেন : ১৭৭
গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে নৃশংসভাবে খুন
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

-10_154108শ্যামলবাংলা ডেস্ক : সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার তিন মাস না পেরোতেই এবার রাজধানীতে দিনেদুপুরে বাসায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আরেক ব্লগার নীলাদ্রি চ্যাটার্জিকে। তিনি নিলয় নীল নামে লেখালেখি করতেন। শুক্রবার গোড়ানের ৫ তলা একটি বাড়ির পঞ্চমতলার ভাড়া বাসায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা বাসায় উপস্থিত থাকলেও তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে খুনিরা। মাত্র তিন মিনিটের এ হত্যা মিশনে সরাসরি ৪ খুনি অংশ নেয়। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে খুনিরা। ২৭ বছর বয়সী নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। তিনি আরডিসি নামের বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করতেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’ ফেসবুক পেজ, টুইটার ও ই-মেইলে বার্তা পাঠিয়ে হত্যার দায় স্বীকার করেছে। নিলয় হত্যার খবরে বিকেলে শাহবাগে জড়ো হন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তারা এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রাজধানীতে বাসায় ঢুকে ব্লগার হত্যার পর নিরাপত্তা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় ওঠে। এর আগে বিভিন্ন সময়ে ব্লগার হত্যায় জড়িতদের শাস্তি দেওয়া যায়নি বলে নতুন করে আরও একজন ব্লগার খুন হতে হলো বলেও মন্তব্য করেন কেউ কেউ। নিলয়কে কুপিয়ে হত্যার ঘটনায় টুইটারে শোক প্রকাশ করে খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস অ্যানিলে। ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি হত্যার প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন। জাতিসংঘ এক বিবৃতিতে নিলয় হত্যার নিন্দা জানিয়েছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি.
ওয়াটকিনস এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি ব্লগার রাজীব হায়দার, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর ও অভিজিৎ রায়কে রাস্তায় হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম। এসব হত্যার পরপর দায় স্বীকার করেছিল তারা। রাজীব হায়দার খুনের ঘটনা ছাড়া অন্য কোনো হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
বেশ কয়েক মাস ধরেই নিলয়কে হত্যার জন্য তার ফেসবুক ও ই-মেইলে হুমকি দিয়ে আসছিল উগ্রপন্থিরা। তিন মাস আগে তাকে হত্যার জন্য অনুসরণ করা হয়েছিল। ওই সময় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ তাকে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েই দায়িত্ব শেষ করেছে। এ প্রসঙ্গে নিলয়ের ফেসবুকে লেখা রয়েছে।
নিলয় হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই নিলয়ের হত্যাকারীদের ধরে ফেলা সম্ভব হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি টিম এ নিয়ে মাঠে কাজ শুরু করেছে। নিলয়ের স্ত্রী আশামনি ও বন্ধুরাও বলছেন, অনলাইনে মুক্তমত প্রকাশ করা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিলয়কে হত্যা করেছে। তিনি ‘স্টেশন’ নামের একটি ব্লগে ‘কুসংস্কার ও ধর্মান্ধতা’ নিয়ে লেখালেখি করতেন। বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের শিকার ব্লগারদের খুনিদের বিচারের দাবিতেও ছিলেন সামনের সারিতে। এসব কারণেই ধর্মীয় উগ্রগোষ্ঠী তাকে হত্যা করেছে। হত্যার ধরন দেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মনে করছেন, হত্যাকাণ্ডে কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত। তবে গত রাত ১২টা পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার বা চিহ্নিত করা সম্ভব হয়নি। ওই সময় পর্যন্ত থানায় মামলাও হয়নি।
সিআইডি ও ডিবির ক্রাইমসিন টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। তারা রক্তমাখা একটি চেকশার্ট ও গামছা জব্দ করেছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিলয়ের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে। এর আগে অন্য ব্লগারদের যেভাবে হত্যা করা হয়েছে, নিলয়ের খুনও একই ধরনের। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কৃষ্ণপদ বলেন, ‘জুমার নামাজের সময় যখন আশপাশের বাসার পুরুষরা নামাজে গেছেন, সেই সময়টিকেই তারা বেছে নিয়েছে। হয়তো এর আগে তারা বাসাটি দেখে গেছে।’
চারজনের কিলার গ্রুপ, তিন মিনিটেই হত্যাকাণ্ড :নিলয় হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্ত্রী আশামনি ও শ্যালিকা ইশরাত তন্বী। দু’জনেই বলছেন, বাসায় চার খুনি ঢুকেছিল। মাত্র তিন থেকে চার মিনিটেই নিলয়কে হত্যা করে তারা চলে যায়। ‘নারায়ে তাকবির’ বলে নিলয়কে কুপিয়ে হত্যার পর তারা ‘আল্লাহু আকবর’ বলে চলে যায়। আশামনি বলেন, নিলয় দুপুর ১টার দিকে বাসায় ঢুকে গোসল করে শোবার ঘরে বসে ছিল। এর ১৫ থেকে ২০ মিনিট পর বাইরে থেকে কড়া নাড়ার শব্দে তিনি দরজা খুলে দেন। ওই সময় এক যুবক বাসা ভাড়া নেবে বলে দ্রুত ভেতরে ঢুকে পড়ে। আশামনি জানান, আনুমানিক ২০ থেকে ২৫ বছরের ওই যুবকের পরনে কালো টি শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। তার কাঁধে ছিল একটি ব্যাগ। পরপরই আরও তিন যুবক বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে ধারালো অস্ত্র ও চাপাতি ছিল। প্যান্ট ও শার্ট পরা প্রায় একই বয়সের ওই যুবকদের মধ্যে একজনের মুখে দাঁড়ি ছিল। বাসায় ঢুকেই দাঁড়িওয়ালা যুবক ‘নারায়ে তাকবির’ বলে তার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তিনি চিৎকার দিলে আগে প্রবেশ করা যুবক তাকে পিস্তল ঠেকিয়ে বারান্দায় নিয়ে আটকে রাখে। তার ছোট বোন ইশরাত তন্বীকে আটকে রাখে রান্নাঘরে।
আশামনি বলেন, তার সামনেই স্বামীকে কোপানো হয়। সে বাঁচার জন্য হাত দিয়ে বাধা দিলে তার আঙুলগুলো কেটে যায়। তিনি বারান্দা থেকে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। মাত্র তিন-চার মিনিটেই তার স্বামীকে হত্যা করে চলে যায় খুনিরা।
নিলয় স্ত্রীকে নিয়ে থাকতেন পূর্ব গোড়ানের ১৬৭ নম্বর হক মঞ্জিলের পাঁচতলায়। বাড়ির মালিক শামসুল হক দোতলায় থাকেন। তবে সরুগলির বাড়িটিতে কোনো নিরাপত্তাকর্মী নেই। পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন শামীম হোসেন। তিনি জানান, দুপুরের দিকে বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে পাশের ফ্ল্যাট থেকে ‘ডাকাত, ডাকাত’ শব্দে তার ঘুম ভাঙে। দৌড়ে বারান্দায় গিয়ে দেখেন, ৩-৪ যুবক সিঁড়ি বেয়ে দ্রুত নেমে যাচ্ছে। তাদের একজনের শরীরে রক্ত ছিল। তারা ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। শুক্রবার হওয়ায় খুনিরা সহজেই পালাতে পারে।
চারতলার একটি ফ্ল্যাটের বাসিন্দা তাসলিমা বলেন, নিলয়ের স্ত্রীর চিৎকারে তারাও বেরিয়ে আসেন। ওই সময় চার যুবক সরু গলি দিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছিল। বাড়ির মালিক শামসুল হকের স্ত্রী শাহনাজ বেগমসহ ওই বাড়ির বিভিন্ন তলার ভাড়াটেরাও চিৎকার শুনেছেন বলে জানান। শুরুতে কেউ এগিয়ে না গেলেও যখন তারা বের হন তখন খুনিরা পালিয়ে যায়।
বেলা পৌনে ৩টার দিকে ওই বাসায় গিয়ে দেখা যায়, শোবার ঘরের মেঝেতে রক্তের স্রোত। পাশেই খাটের বিছানা এলোমেলো। শত শত লোক ভিড় করেছেন বাড়িটির সামনে।
রক্তমাখা জামা ও গামছা পড়ে ছিল সিঁড়িতে : বাড়িটির নিচতলায় কলাপসিবল গেটের পাশেই পাওয়া গেছে রক্তমাখা একটি শার্ট ও গামছা। পুলিশ ধারণা করছে, খুনিদের কেউ নিজের পোশাক পরিবর্তন করে রক্তমাখা শার্টটি সেখানে ফেলে রেখেছিল। খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আশপাশে তল্লাশি চালানো হয়েছে। শুধু রক্তমাখা শার্ট ও গামছা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। খুনিরা হয়তো হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ব্যাগে করে নিয়ে গেছে। নিলয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম বলেন, ঘটনার পর বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সোর্স ও প্রযুক্তি ব্যবহার করে খুনিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আনসার আল ইসলামের দায় স্বীকার :নিলয়কে খুনের পর এর দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম (আল কায়দা ভারতীয় উপমহাদেশ) নামে একটি সংগঠন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ ও ই-মেইল বার্তায় দায় স্বীকার করে বলা হয়, ‘আনসার আল ইসলাম (আল কায়দা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ তা’আলা ও তার রাসূলের দুশমন নিলয় চৌধুরীকে হত্যা করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওই অপারেশন সম্পন্ন হয়।’ এতে আরও বলা হয়, ‘আল্লাহর রাসূলের সম্মান রক্ষার্থে প্রতিশোধমূলক ওই হামলা চালানো হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ও ঝিনাইগাতীতে ইয়াবা-হেরোইনসহ ২ যুবক আটক পরবর্তী সংবাদ ঝিনাইগাতী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : আলম সভাপতি,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads