শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিশু রাজন হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ১২ আগস্ট বুধবার রাজধানী হোটেল সোনারগাঁয়ে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়েল, ২০১৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যার চার্জশিট দেওয়া হবে। মামলার একজন আসামি দেশের বাইরে থাকলেও মামলার চার্জশিট দেওয়ায় বা বিচারকাজ চলায় কোনো অসুবিধা হবে না।’
সিলেটে গত ৮ জুলাই বুধবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা নির্যাতন চালিয়ে হত্যা করা হয় শিশু সামিউল আলম রাজনকে। ওই দিন দুপুর ১টার দিকে মাইক্রোবাসে তার মৃতদেহ গুম করার চেষ্টাকালে নগরীর কুমারগাঁও এলাকায় গাড়িসহ মুহিত নামের একজনকে আটক করে এলাকাবাসী। পরে রাজনের বাবা গাড়িচালক আজিজুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলের মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন রয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনায় করা মামলার আসামি মুহিতের ভাই কামরুল সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর সেখানে আটক হন। এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ এখন পর্যন্ত এ মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই ‘তিন-চারদিনের মধ্যে’ রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই দিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজন হত্যার তরিত্ব বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাকে তিনি আশ্বস্ত করেছেন, আগামী তিন-চার দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর দ্রুতই বিচারকাজ শুরু করে তা নিষ্পত্তি করা হবে।’ আইনমন্ত্রীর ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত এ মামলার চার্জশিট দেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন করে ৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানালেন আইনমন্ত্রী।
এর আগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘ম্যানুয়েল হালানাগাদ করে নতুন সংস্করণ প্রকাশনার উদ্যোগ একটি সময়োপযোগী ও সঠিক উদ্যোগ। রেজিস্ট্রেশন বিভাগীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাসহ পেশাজীবী মহলের জন্য এবং অবাধ তথ্যপ্রবাহের এই যুগে রেজিস্ট্রেশন ম্যানুয়েলের নতুন সংস্করণটি রেজিস্ট্রেশন বিভাগের সংশ্লিষ্ট সকলের দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপর্ণ সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।’
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন সচিব (লেজিসলেটিভ ও ড্রাফট) মো. শহীদুল হক। আইন সচিব (আইন ও বিচার) এ এস এম জহিরুল হক ও নিবন্ধন পরিদফতরের মহাপরির্শক খান আবদুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।








