শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করে নওকুচি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ভোর সাড়ে ৪টার দিকে নওকুচি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা হালচাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




