শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার একটি লেবুবাগান থেকে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ক্যাম্পসংলগ্ন হলদিগ্রাম গারোকোনা এলাকার একটি লেবুবাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




