শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বৈষ্ঠমপাড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা বৈষ্ঠমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি মদ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




