শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চকসাহাব্দী গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মো. মোসাফির রহমান মুসা তার পৈতৃক সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী মুসার চকসাহাব্দি গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মো. মোসাফির রহমান মুসা বলেন, আমার পৈতৃক ১৬ শতক জমি আমার চাচাতো ভাইয়েরা জমির চারপাশে বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। একইসাথে তারা আমার পৈতৃক দলিলটি ভুয়া বলে আদালতে মিথ্যে মামলা করেছেন। আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় সদর থানার এসআই এনামুল হকের সহযোগিতায় তারা সম্প্রতি ওই জমিতে মাটি ভরাট করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে আমার যাতায়াতের রাস্তা আটকে দিয়ে জমি দখল নিয়েছে।
এ বিষয়ে আমি পুলিশ সুপারসহ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হলেও কোন সুরাহা পাচ্ছি না। তাই আমি আমার মা মনোয়ারা বেগম, বাবা মো. আলম উদ্দিন, স্ত্রীসহ দুই সন্তান এবং বোন সুমাইয়া আক্তার ও বুলবুলি বেগমসহ আটজন সদস্য নিয়ে আমি আতঙ্কে বসবাস করছি। তারা হুমকি দিচ্ছে শুধু জমি দখলই নয়, প্রয়োজনে আমাদেরকে হত্যা করবে। এমতাবস্থায় আমি এই ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

তবে অভিযোগের বিষয়ে সদর থানার এসআই এনামুল হক বলেন, তাদের পৈতৃক জমিসংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষই সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরির তদন্তে গিয়ে আমি দুপক্ষকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তি বজায় রাখতে বলেছি। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবগও উপস্থিত ছিলেন। এর বাইরে মাটি ভরাট করা কিংবা না করার বিষয়ে কোন কথা বলিনি।




